ঢাকায় বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল
রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিওয়াইএলসি এর প্রথম ইয়ুথ কার্নিভাল। সংগঠনটির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে ২৭ ডিসেম্বর (শুক্রবার) শুরু হওয়া সম্মেলনটি শেষ হবে আজ।
শনিবার সকাল থেকেই এই আয়োজনে ডিজিটাল দুনিয়ায় তরুণদের পেশা জীবন, ঝুঁকি মোকাবেলা, উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বিভেন্ন সেশন অনুষ্ঠিত হচ্ছে। দিন ব্যাপী বিভিন্ন শিক্ষামূলক প্যানেল আলোচনা, ওয়ার্কশপ, ফায়ারসাইড চ্যাট এবং প্রদর্শনীর মাধ্যমে কার্নিভালে অংশগ্রহনকারী তরুণদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা হচ্ছে।
আয়োজন বিষয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের গণমাধ্যম মুখপাত্র উপাসনা সালাম জানিয়েছেন যুবসমাজকে প্রভাবিত করে এমন ইস্যুতে দু'দিনের ইন্টারেক্টিভ সেশন, প্রদর্শনী এবং কথোপকথনের জন্য খ্যাতিমান স্পিকার এবং বিশেষজ্ঞদের সাথে ৭০০০ এরও বেশি তরুণ একত্রিত হয়েছেন। তাদেরকে প্রণোদিত করতে বিভিন্ন আয়োজনের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল অর্নব অ্যান্ড ফ্রেন্ডস, এলিটা এবং রেভলুটাসের গান পরিবেশন করছেন।
এর আগে শুক্রবার এই আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো: আক্তার হোসেন। এসময় বিওয়াইএলসির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও নুভিস্তা ফামা লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক আক্তার মতিন চৌধুরী, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায়, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।